সুন্দরবনে গুঁইসাপ সহ আটক ৩

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বন্যপ্রাণী গুঁইসাপ সহ ৩ জনকে আটক করেছেন বুড়িগোয়ালীনির বন অফিসের নেতৃত্বে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।
 
মঙ্গলবার ভোর ৪টার দিকে সুন্দরবনে খলিসাবুনিয়া নিষিদ্ধ খাল (অভয়ারণ্য) এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের বুড়িগোয়ালিনী গ্রামে মৃত পচাব্দি গাজীর ছেলে মতিয়ার গাজী, রেজাউল গাজীর ছেলে আবু মুছা গাজী ও গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত জিয়াদ গাজীর ছেলে কওছার গাজী।
 
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, গোপনে জানতে পেরে সুন্দরবনে খলিসাবুনিয়া এলাকা অভিযান চালিয়ে গুঁইসাপ সহ তাদেরকে আটক করেন। এসময়ে তাদের ব্যবহৃত ২টি নৌকা, ২টি গুঁইসাপ ও জাল সহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বন্যপ্রাণী হত্যা ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
 
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন বন্যপ্রাণী হত্যার দায়ে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস