ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ক্রিশ্চিয়ান গভর্নর বাসুকি জাহাজা পূর্ণমার বিরুদ্ধে আনীত মামলা বাতিলের আহ্বান প্রত্যাখ্যাত হয়েছে। উল্টো আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে মঙ্গলবার বিবৃতি দেন বিচারকরা।
একজন বিচারক জানিয়েছেন, এ গভর্নরের বিরুদ্ধে কোরআনের অবমাননার অভিযোগের বিচার অব্যাহত থাকবে। দেশের আদালত এ বিতর্কিত ব্লাসফেমি মামলা বাতিল করবে না। এর আগে গভর্নরের পক্ষে আইনজীবীদের অনেকে মামলা প্রত্যাহারের দাবি জানায়। তাদের দাবি, বিচার হলে তা ক্ষুদ্র-নৃগোষ্ঠীর চীনা রাজনীতিকদের মানবাধিকার ও আইনি প্রক্রিয়া লঙ্ঘন করবে।
কিন্তু বিচারকরা তাদের দাবি মেনে নেয়নি। তবে বিবাদীদের এমন আহ্বান বিবেচনায় রাখা হবে এবং সমস্ত প্রমাণ পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক আব্দুল রসিদ। এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে পূর্ণমাকে ৫ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। গত সেপ্টেম্বরে পূর্ণমা গভর্নর পদে পুনর্নির্বাচনের প্রচারণাকালে কোরআনের আয়াত উদ্ধৃত করে ইসলাম ধর্মের নিন্দা করলে মুসলিম অধ্যুষিত দেশটিতে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। আল জাজিরা।
ইত্তেফাক/এসএসএ