‘এরদোয়ানকে চা দিব না’ বলে গ্রেফতার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অবমাননার অভিযোগে এক রেস্তোরার মালিককে গ্রেফতার করা হয়েছে। ‘এরদোয়ানকে চা পরিবেশন করবেন না’— এমন কথা বলার পর তাকে আটক করা হয়। 
 
সেনোল বুরান নামের ওই আটককৃত ব্যক্তি সরকারবিরোধী পত্রিকা কামহুরিয়াতের ক্যাফেটেরিয়ার মালিক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ক্যাফেটেরিয়ার মালিক বুরান ২৪ ডিসেম্বর নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে তিনি দেখতে পান প্রেসিডেন্ট এরদোয়ানের ভাষণ উপলক্ষে সড়ক বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে বিরক্ত হয়ে বুরান বলেন, ‘আমি এই ব্যক্তিকে (এরদোয়ান) এক কাপ চাও দিব না।’ 
 
এ কথা বলার পরই তিনি পুলিশের হাতে আটক হন। দেশের প্রেসিডেন্টকে অবমাননার অভিযোগে তাকে ইস্তাম্বুলের একটি ফৌজদারি আদালতে তোলা হয়। এরইমধ্যে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। দেশটির প্রেসিডেন্টকে অপমান করার শাস্তি হিসেবে তার চার বছর পর্যন্ত জেল হতে পারে। তবে বুরানের আইনজীবীর ভাষ্য, ‘প্রেসিডেন্টকে চা দেবেন না’— এমন কথায় কোনো অবমাননা হয়নি। 
 
গত জুলাইয়ে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর থেকেই বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে তুর্কি সরকার। এরদোয়ানের এই অভিযানে কারণে কামহুরিয়াত সংবাদপত্রের কর্মীদেরকেও হয়রানির শিকার হতে হয়েছে। তুরস্কের রাজনীতিতে ছড়ি ঘুরানো এরদোয়ানকে অবমাননার অভিযোগে এ পর্যন্ত প্রায় ১৮শ টি মামলা করা হয়েছে । কার্টুনিস্ট, সাবেক মিস তুরস্ক ও স্কুলের শিক্ষার্থীরাও  এসব মামলা থেকে রেহাই পাননি। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ