শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন:নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মতোই বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের সাম্যবাদী দলের অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছেন।

 
নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত ১৪ দল  মেনে নেবে জানিয়ে জোটের মুখপাত্র বলেন, সব দলের সঙ্গে সংলাপের পর নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। রাষ্ট্রপতি সংবিধানের ১১৮ ধারার ক্ষমতাবলে একটি   নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
আরো দুই উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি: স্বাস্থ্য কার্ডের মাধ্যমে অতি দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিত্সা নিশ্চিত করতে  টাঙ্গাইলের কালিহাতির পর ঘাটাইল ও মধুপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির পাইলট প্রকল্পের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির স্টিয়ারিং কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
 
প্রসঙ্গত, এবছরের ২৪ মার্চ স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলের কালিহাতিতে দেশে প্রথমবারের মতো অতি দরিদ্রদের জন্য স্বাস্থ্য কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। প্রাথমিকভাবে টাঙ্গাইলের তিন উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। পরে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় প্রতি উপজেলায় ২৫ হাজার পরিবারকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। কার্ডধারী ব্যক্তি নির্দিষ্ট ৫০ টি রোগের চিকিত্সা বিনামূল্যে করতে পারবেন।  সভায় স্বাস্থ্যমন্ত্রী কর্মসূচির আওতাধীন উপজেলাগুলোতে চিকিত্সক ও নার্সদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, মন্ত্রণালয়ের স্বাস্থ্য ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএন