ইন্দুরকানিতে জেপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর পথসভা

পিরোজপুরের ইন্দুরকানিতে বুধবার সন্ধ্যায় আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন হাওলাদার, ভাইস চেয়ারম্যান পুরুষ মো. কাওসার আহম্মেদ দুলাল এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজিয়া সুলতানা রানীর পৃথকভাবে বাইসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন হাওলাদারের বাইসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী পথ সভায় স্থানীয় জেপি নেতা মো. নজির আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন হাওলাদার, ভাইস চেয়ারম্যান পুরুষ মো. কাওসার আহম্মেদ দুলাল, জেপি নেতা উত্তম কুমার, মনিরুজ্জামান রানা, হারুন অর রশিদ, মো. সায়েদুর রহমান, মো. ইউনুস, মো. বরকত ইল্লাহ, মো. মাসুদ রানা ছাড়াও স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে উপজেলার হাট-বাজারের ইজারার সরকারি টাকা প্রতি বছরের ন্যায় এ বছরও তিনি ব্যক্তিগতভাবে পরিশোধ করেছেন। শুধু তাই নয় আনোয়ার হোসেন মঞ্জুর কারণে ইন্দুরকানির মানুষ ভিন্ন ভিন্ন দল মতের থাকলেও বর্তমানে সবাই শান্তিতে বসবাস করতে পারছেন। তাই  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনীত প্রার্থীদের বাইসাইকেল মার্কার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়াও ইন্দুরকানিসহ দক্ষিণাঞ্চলের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে আগামী ৩১ মার্চ বিপুল ভোটের ব্যবধানে প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।

এদিকে জেপি সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেপির ইন্দুরকানি উপজেলা মহিলা পার্টির সভানেত্রী রাজিয়া সুলতানা রানীর নির্বাচনী প্রতিক বাইসাইকেল মার্কার সমর্থনে উপজেলার ১নং পাড়েরহাট বাজারে এক মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে বাজারের বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা উচ্ছ্বসিত হয়ে মিছিলে সমর্থন দেন। মিছিলে অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন মো. মহসীন মধু, মো. রুহুল আমীন, মো. রিয়াজ মাহাম্মুদ, নাসির উদ্দিন পিন্টু, দেলোয়ার মাতুব্বর, মাকসুদুর রহমান বাবুলসহ বিভিন্ন স্তরের জেপি, যুবসংহতি ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ।