চটে বসে পড়ালেখা করে প্রাথমিক বৃত্তি পেল পাঁচ শিক্ষার্থী

কুলিয়ারচরে চটে বসে লেখাপড়া করে প্রাথমিক বৃত্তি পেয়েছে পাঁচ শিক্ষার্থী। কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো- পূর্ব গাইলকাটা গ্রামের মো. সাগর মিয়া, মোছা. জিদনী, মো. রাহাদ, মোছা. আছমা ও মো. জিসান। তারা মাটিতে চটে বসে পড়ালেখা করে ২০১৮ সালের পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

স্থানীয় এনজিও চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা এই শিক্ষা প্রোগ্রামটি পরিচালনা করছে। গত প্রায় ১৬ বছর যাবত্ এ উপজেলায় বিভিন্ন গ্রামের ঝরে পড়া, হতদরিদ্র-অসহায় শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে তারা। স্থানীয় সমাজসেবক মো. মুছা মিয়া পরিচালিত চেতনা সংস্থা ২০১৮ সালে কুলিয়ারচর পূর্ব গাইলকাটা গ্রামের উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় থেকে ২৬ জন পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাস করে। তাদের মধ্যে পাঁচজন সাধারণ গ্রেডে বৃত্তি পেল।

বিদ্যালয়টি থেকে এর আগে ২০১৫ সালে ছয়জন ও ২০১৬ সালে ছয়জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।