নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজানগোপন্দীি এলাকাতে সাবেদ আলী স্পিনিং মিলে আল আমিন (২০) নামের এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার অভিযোগে সহকর্মী শ্রমিক রিমন মিয়াকে (২১) আটক করা হয়েছে। আর আহত ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আল আমিন উপজেলার ব্রাহ্মন্দি গ্রামের হাসান আলীর ছেলে। রিমন মিয়ার বাবার নাম রবিউল ইসলাম। বাড়ি রাজশাহীর থানাপাড় এলাকাতে। জানা গেছে, আড়াইহাজার উপজেলার উজান গোপিন্দী এলাকাতে সাবেদ আলী স্পিনিং মিলটির মালিক শিল্পপতি হক মিয়া।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে রিমন ও আল আমিন শরীরে থাকা তুলা পরিষ্কারের সময়ে দুষ্টুমির ছলে কম্প্রেসার মেশিন দিয়ে আল আমিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে স্থানান্তরিত করা হয়। ওসি আরো জানান, ইতোমধ্যে রিমনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএম।