কী পরিমাণ কালোটাকা উদ্ধার হলো, মোদীকে রাহুলের প্রশ্ন

পঞ্চাশ দিন শেষ হওয়ার মুখে। এই সময়ের মধ্যে ঠিক কতটা কালো টাকা উদ্ধার করা সম্ভব হল? দেশকে জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে বুধবার কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এ প্রশ্ন রাখেন। দলের ১৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরে বক্তব্য দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনি পাঁচটি প্রশ্ন করেন। তারই একটি প্রশ্ন এটি। 
 
বিজেপি বা সরকারের তরফ থেকে এর কোন জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন জুড়ে দেওয়া হয়। এতে বলা হয়, ভিভিআইপি চপার কেলেঙ্কারি থেকে কারা লাভবান হয়েছেন? রাহুল গান্ধী আপনি জানান। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়ার কথা ৮ নভেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ঘোষণা করেছিলেন। 
 
সেই ঘোষণার কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফের জানান, ৫০ দিন কষ্ট করতে হবে দেশবাসীকে। ৩০ ডিসেম্বরের পর আর কোনও সঙ্কট থাকবে না। সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক দু’দিন আগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঁচটি প্রশ্ন রাখেন। 
 
প্রশ্ন-১: নোট বাতিল করে প্রধানমন্ত্রী ঠিক কতটা কালো টাকা উদ্ধার করতে পারলেন?  প্রশ্ন-২: নোট বাতিলের জেরে দেশের অর্থনীতি ঠিক কত টাকার ক্ষতির সম্মুখীন হল? প্রশ্ন-৩: কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের কারণে দেশে ঠিক কতজনের মৃত্যু হয়েছে? যাঁদের মৃত্যু হল, সরকার কি তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন? যদি না দিয়ে তাকে, তা হলে কেন দেয়নি? প্রশ্ন-৪: কাদের পরামর্শ নিয়ে প্রধানমন্ত্রী নোট বাতিল করার মতো পদক্ষেপ করেছিলেন? আমাদের সেই নামগুলো জানানো হোক। প্রশ্ন-৫: ৮ নভেম্বর, ২০১৬-র আগে কারা ব্যাঙ্কে ২৫ লক্ষ টাকা বা তার বেশি জমা দিয়েছিলেন? সেই তালিকাটা সরকার প্রকাশ করুক। -আনন্দবাজার পত্রিকা।
 
ইত্তেফাক/এসএসএ