মহেশপুরে থামছে না বাল্যবিয়ে

তিন মাসে দুই ডজনের বেশি বিয়ে সম্পন্ন

মহেশপুরে থামছে না বাল্যবিয়ে। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত তিন মাসে দুই ডজনের বেশি বাল্যবিয়ে অনুষ্ঠিত হয়।

মহেশপুর উপজেলায় কর্মরত মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইন তথ্য সূত্রে জানা গেছে, এই উপজেলার বিভিন্ন গ্রামে ১২-১৬ বছরের মধ্যে স্কুল-কলেজে পড়ুয়া মেয়ে এবং ছেলে বাল্যবিয়ের শিকার হচ্ছে। এক জরিপে দেখা গেছে, প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে যাওয়ার আগেই অনেক মেয়েকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে সভা-সেমিনার মোটিভেশন কর্মসূচি করা হলেও থামছে না এই বাল্যবিয়ে।

সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থার তথ্য সূত্রে জানা গেছে, গত তিন মাসে মহেশপুরে দুই ডজনেরও বেশি বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ সকল তথ্য তারা সরেজমিনে খোঁজ-খবর নিচ্ছেন। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।