প্রথম নির্বাচনে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, প্রবীণ নেতা মোহাম্মদ আলী সরকার।
দলীয় সমর্থনের বাইরে গিয়ে একমাত্র দলীয় প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়েছেন মোহাম্মদ আলী সরকার। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৭৪২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ৪১৫ ভোট। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনের ১৫টি ভোট কেন্দ্রের সবকটিতেই জয়ী হয়েছেন মোহাম্মদ আলী সরকার। এর মধ্যে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়াম কেন্দ্রে মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৬২টি। এখানে মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩২টি। গোদাগাড়ীর কাঁকনহাট ভোটকেন্দ্রে আনারস পেয়েছে ৬৭ ও তালগাছ পেয়েছে ২৪ ভোট। এছাড়া বাঘা উপজেলা পরিষদ কেন্দ্রে আনারস ৪২ ও তালগাছ ৩০, মোহনপুর উপজেলা পরিষদ কেন্দ্রে আনারস ৫৩ ও তালগাছ ২৮, তানোর উপজেলা পরিষদ কেন্দ্রে আনারস ৪৫ ও তালগাছ ৩৬ ভোট পেয়েছে।
এদিকে রাজশাহীর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আনারস ৪৮ ও তালগাছ ২৯, পবা উপজেলা পরিষদ কেন্দ্রে আনারস ৫৪ ও তালগাছ ১২, পবার হাট রামচন্দ্রপুর কেন্দ্রে আনারস ৩৫ ও তালগাছ ৩০ ভোট পেয়েছে। অন্যদিকে বাগমারা উপজেলা পরিষদ কেন্দ্রে আনারস ৪৭ ও তালগাছ ৩৪, বাগমারার সাঁকোয়া স্কুল কেন্দ্রে আনারস ৪২ ও তালগাছ ৩৬ এবং বাইগাছা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৫৪ ও তালগাছ ২৩ ভোট পেয়েছে। চারঘাটের তেথুলিয়া ভোট কেন্দ্রে আনারস পেয়েছে ৪২ ভোট। এখানে তালগাছ পেয়েছে ৩০ ভোট। পুঠিয়া উপজেলা পরিষদ কেন্দ্রে আনারস পেয়েছে ৪৯ ও তালগাছ পেয়েছে ২৪ ভোট। পুঠিয়ার বানেশ্বর ভোটকেন্দ্রে আনারস পেয়েছে ৫৩ ও তালগাছ পেয়েছে ২১ ভোট। দুর্গাপুর উপজেলা পরিষদ কেন্দ্রে আনারস পেয়েছে ৪৮ এবং তালগাছ পেয়েছে ৩১ ভোট।
নির্বাচনে ১ হাজার ১৭১ ভোটারের মধ্যে ১ হাজার ১৫৫টি ভোট কাস্ট হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই সময়ের মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনও সুষ্ঠু হয়েছে। ভোট দিয়ে নির্বাচিত করার জন্য মোহাম্মদ আলী সরকার ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয় সরকারের সকল পর্যায়ের জনপ্রতিনিধি এই ভোটারদের নিয়েই জেলা পরিষদ চালাবেন তিনি।
এদিকে সংরক্ষিত পাঁচটি নারী সদস্য পদের ১ নং জোনে কৃষ্ণা দেবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২ নং জোনে শিউলি রাণী, ৩ নং জোনে মোসা. রাবেয়া খাতুন, ৪ নং জোনে নার্গিস বিবি ও ৫ নং জোনে জয়জয়ন্তী সরকার নির্বাচিত হয়েছেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ ১২টি সদস্য পদে ভোট গণনা চলছিল। বাকি তিনটি পদের সদস্যরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ আলী সরকার চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি। এছাড়া তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও সার্ক চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইত্তেফাক/এমএইচ