উপস্থাপনার কাজটি লিডারশীপের মতো : সূবর্ণা

 
পেশাগত ব্যস্ততার পাশাপাশি ঠিক কখন যে উপস্থাপনাটাও নিজের পেশা ও নেশা দুটোর অবস্থানেই থেকে গেছে তা ঠিক নিজেও জানেন না সূবর্ণা নাওয়াদির। তিনি এসময়ের ব্যস্ত ও গুণী উপস্থাপক। একুশে টিভিতে দীর্ঘদিন প্রতিদিনের আড্ডা আলাপের অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি একাধিক অনুষ্ঠানের উপস্থাপনায় কাজ করেছেন। 
বর্তমানে চ্যানেল আইতে শিল্পলোক ও শিল্পকথা নামের দুটি অনুষ্ঠানের গ্রন্থনা ও সঞ্চালনা করছেন। নিজের উপস্থাপক স্বত্ত্বা প্রসঙ্গে সূবর্ণা বলেন, ‘আমার কাছে উপস্থাপনার কাজটিকে একধরণের লিডারশীপের মতো মনে হয়। কারণ পুরো অনুষ্ঠানের কাঠামো তৈরি করেন একটি অনুষ্ঠানের সঞ্চালক। নিজের ভালো লাগা থেকেই তাই এই কাজটির নেশাই পড়ে যাই।’
সূবর্ণা শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একাধিক ইভেন্টের সঞ্চালনসহ বেশ কিছু সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন তিনি। শিক্ষকতা পেশার পাশাপাশি নিজের উপস্থাপনা চর্চা প্রসঙ্গে সূবর্ণা নাওয়াদীর বলেন, ‘আমার কাছে দুটি কাজই সৃজনশীলতার। কারণ একজন শিক্ষক তার মেধাস্বত্ত্বাকেই শৈল্পিকভাবে উপস্থাপন করে ছাত্র-ছাত্রীদের ভেতরে তার ভাবনাগুলো ছড়াতে থাকেন। ঠিক তেমনি উপস্থাপকের কাজটিও তাই।’
রাজু আলীমের পরিচালনায় শিল্পকথা অনুষ্ঠানের উপস্থাপনা প্রসঙ্গে সূবর্ণা বলেন, ‘এই কাজটি করে আমার একটি আলাদা অভিজ্ঞতা তৈরি হচ্ছে। কারণ আমি সমাজের বিভিন্ন শ্রেণীর গুণী মানুষদের ভেতরকার শিল্পচর্চা বা শিল্পভাবনাকে বুঝতে পারছি। দর্শকেরাও এই অনুষ্ঠানে তাই নতুন কিছু পেয়ে থাকেন। এ কারনেই কাজটি আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়।