ফিলিপাইনে পৃথক বোমা হামলায় আহত ৩৩

 
ফিলিপাইনে পৃথক দুইটি বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়।
 
পুলিশ জানায়, ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেতি দ্বীপে বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। 
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে,  প্রথম হামলার ঘটনায় ২৭ জন আহত হয়। তারা লিলনগোসে একটি বক্সিং ম্যাচ দেখছিল।
 
শহরের মেয়র আলবার্ট বিলাহারমোসা জানান, ম্যানিলার প্রায় ৬২০ কিলোমিটার দক্ষিণের এ শহর থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।
 
সামরিক সূত্র জানায়, প্রথম বোমা বিস্ফোরণের মাত্র এক ঘণ্টা পর ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি মহাসড়কে দ্বিতীয় বোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়।
 
ইত্তেফাক/এএসএস