পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মো. হাবিবুল্লাহ হাসান মিশু হত্যা মামলায় সহপাঠী ফয়সাল জামান শুভকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আসামি শামসুজ্জামান সিয়ামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার বিকালে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রোস্তম আলী এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহজাহান খান জানান, অভিযুক্ত মো. ফয়সাল জামান শুভর অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং অন্য একটি ধারায় আরো তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো নয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এদিকে মামলার বাদী মিশুর বাবা মো. মহসিন আলম রায়ে সন্তুষ্ট না হওয়ায় উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ মার্চ সহপাঠী শুভ বেড়াতে যাওয়ার কথা বলে মিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের সাথে যোগ দেয় মো. আবদুল হাদি ও সান। তারা মিশুর বাবার কাছে মোবাইলে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা চাঁদা দাবি করে এবং ঘণ্টাখানেকের মধ্যে পরিশোধ করতে বলে। চাঁদা না পেয়ে তারা মিশুকে শ্বাসরোধে হত্যা করে।
আদালত সূত্রে জানা গেছে, ওই মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে শুভ ও সিয়াম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মামলা শিশু আদালতে বিচার করা হয়। অভিযুক্ত অপর আসামি আব্দুল হাদি ও সান প্রাপ্তবয়স্ক, তাদের মামলা নিয়মিত আদালতে বিচারাধীন রয়েছে।