উড়ন্ত হেলিকপ্টার থেকে মানুষ ছুড়ে ফেলেছি, এবং প্রয়োজন হলে আবারো ফেলবো- না এটা কোনো সিনেমার খলনায়কের সংলাপ নয়। দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুমকি দিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে এ কথা বলেছেন।
বদমেজাজি এই রাজনীতিবিদ বলেন, তিনি হেলিকপ্টার থেকে ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত এক চীনা নাগরিককে মধ্য আকাশে হেলিকপ্টার থেকে ছুড়ে ফেলে দিয়ে ছিলেন। মঙ্গলবার টাইফুন দুর্গতদের প্রতি দেয়া ভাষণে তিনি বলেন, আপনি যদি দুর্নীতিবাজ হন তাহলে আপনাকে টেনে ধরে হেলিকপ্টার তুলবো এবং ম্যানিলায় ফেরত যাওয়ার পথে ফেলে দেব। আমি এটা আগে করেছি এবং কেন আরেকবার করবো না? ভিডিও ক্লিপটি প্রেসিডেন্ট কার্যালয়ের ভিডিও ফিডে সংযুক্ত করা হয়েছে।
মাত্র কয়েক সপ্তাহ আগে দুয়ের্তে দাবি করেছিলেন, ২২ বছর দাভাও শহরের মেয়র থাকার সময়ে তিনি নিজহাতে তিনজনকে হত্যা করেছেন। তিনি বলেছিলেন, মোটরসাইকেলে করে এনকাউন্টার করতে ঘুরে বেড়াতেন। দুয়ের্তে সর্বশেষ দেয়া বক্তব্যে বলেন, চলতি সপ্তাহে ম্যানিলায় প্রায় অর্ধ টন মেথামফেটামিন উদ্ধার হয়েছে। স্থানীয়ভাবে এগুলো শাবু নামে পরিচিত। দুয়ের্তে বলেন, ওই ব্যক্তিরা ‘ভাগ্যবান’ যে তিনি শহরের বাইরে ছিলেন। তিনি বলেন, তারা ভাগ্যবান যে আমি ম্যানিলার বাইরে ছিলাম। যদি জানতাম যে তাদের বাসায় এত বেশি শাবু আছে তাহলে আমি নিশ্চিতভাবেই তাদের হত্যা করতো। কোনো নাটক না করে আমি ব্যক্তিগতভাবে আমি খুন করবো যদি অন্য কেউ না করে।
হেলিকপ্টার থেকে ছুড়ে মারার ঘটনাটি কখন হয়েছে সেটা দুয়ের্তের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি ইঙ্গিত দেন, বাস্তবে সম্ভবত এটি ঘটেইনি। তিনি বলেন, ধরুন এটা একটা শহুরে উপকথা। দুয়ের্তের হত্যার অভিযোগের তদন্তের আহ্বান জানিয়ে ছিলেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার বিষয়ক দূত। এর জবাবে তিনি জাতিসংঘ দূতকে, বোকা, নিবোর্ধ ও পতিতার সন্তান অভিহিত করে শিক্ষাগ্রহণের জন্য আবারো স্কুলে যাওয়ার পরামর্শ দেন। রয়টার্স।
ইত্তেফাক/এসএসএ