ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে যখমের ঘটনায় গ্রেফতার ২

৭ দিনেও জ্ঞান ফেরেনি সেই ছাত্রীর

জয়পুরহাটের কালাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে যখমের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
তাদের বৃহস্পতিবার সকালে চিফ জুডিশিয়াল (ক-অঞ্চল আমলী) আদালতে হাজির করার পর পুলিশ জিজ্ঞাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 
 
এ দিকে ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও সেই স্কুলছাত্রীর এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি।  
 
থানা পুলিশ ও পরিবার সাথে কথা বলে জানা গেছে, উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে গত শুক্রবার দিবাগত গভীর রাতে দুবৃর্ত্তরা বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরি দিয়ে যখম করে। পরের দিন শনিবার কালাই থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন সেই স্কুল ছাত্রীর চাচা। মামলার পর বুধবার দিবাগত রাতে ওই ঘটনার সঙ্গে জড়িত উপজেলার বানদীঘি গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে মাহবুব হোসেন (৪০) এবং একই গ্রামের রেফাজ উদ্দিনের ছেলে এজাবুল হককে (২৭) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে তাদের জেলার চিফ জুডিশিয়াল ( ক-অঞ্চল আমলী) আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ওই দুজনকে জিজ্ঞাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের নিকট আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
 
এ দিকে এ ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি ওই স্কুলছাত্রীর। ওই ছাত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ঢাকায় অবস্থানরত তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এখনও তার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
 
ইত্তেফাক/ইউবি