বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদরের ধলার মোড় এলাকা থেকে এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাজু মীর মালোত (২৭)।
নিহতের মামাতো ভাই আজিম বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় রাজু। এরপর সে নিখোঁজ ছিল। রাত ২টার দিকে তার নিজ মোবাইল থেকে একটি ম্যাসেজ আসে ‘আমার বন্ধু আসিফকে খুঁজলেই আমার খোঁজ পাওয়া যাবে।’ এরপর শহরের চুনাঘাটা এলাকায় আসিফ শেখের বাসায় যাই। তার হাতে ব্যান্ডেজ দেখে আমাদের সন্দেহ হলে তাকে পুলিশের হাতে তুলে দিই। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পদ্মা নদীর তীর সংলগ্ন ধলারমোড় থেকে রাজুর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এএফএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে তাকে হত্যা করা হলো এখনো পুলিশ জানাতে পারেনি।
বাকেরগঞ্জে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশাল অফিস ও বাকেরগঞ্জ সংবাদদাতা জানান, বরিশালের বাকেরগঞ্জে মো. শাকিল খান (১৭) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিল বাকেরগঞ্জ উপজেলার চুনাখালীর খোদাবক্সকাঠী এলাকার বাবুল খানের ছেলে ও শিয়ালগুনি জামের উদ্দিন মেমোরিয়াল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র। বুধবার মধ্যরাতে বাড়ির পাশের একটি জামগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, বাড়ির পাশের ফিরোজের মেয়ের সঙ্গে শাকিলের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে ফিরোজের পরিবার শাকিলের পরিবারের ওপর ক্ষুব্দ ছিল। এর জেরেই শাকিলকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুত চলছে। লাশের সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।
বরগুনায় জেএমবির দুই সদস্য গ্রেফতার
র্যাব-৮ এর অভিযানে বরগুনা সদর থানাধীন টাউন হল এলাকা থেকে জেএমবির দুইজন সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে। এরা হলো, বরগুনা সদরের উকিলপট্টি এলাকার আইয়ুব আলী মীরের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ ওরফে বেলায়েত ও বরগুনা সদরের বাঁশবুনিয়া বাঁশবাড়িয়া এলাকার সেলিম হাওলাদারের ছেলে হাসান মাহমুদ ওরফে হাসান ওরফে মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বুধবার মধ্যরাতে তাদের বরগুনা সদর থানাধীন টাউন হল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।