সংবাদ সংক্ষেপ

রংপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জের একটি নির্মাণাধীন ফিলিং স্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, নিহত যুবকের প্যান্টের পকেটে একটি সিমকার্ড পাওয়া গেছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

শিবগঞ্জে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা বুধবার শিবগঞ্জ বাজার স্বর্ণকার পট্টি ও কানসাট বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। শাখা দুটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান, সিটি এজেন্ট ব্যাংকিংয়ের ডিভিশনাল এজেন্ট রতন দেব, হেড অব বিজনেস (ডিভিশনাল) মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক রায়হান আহমেদ খান, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি রানাউল ইসলাম প্রমুখ।

কিশোরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজে জেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। এ উপলক্ষে কলেজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল্লাহ আল মাসউদ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী প্রমুখ।

নূরপুর কারিগরি দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা বৃহস্পতিবার কচুয়ার নূরপুর কারিগরি দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা সুপার মো. ইয়াছিন মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো. সালাউদ্দিন ভুঁইয়া। আরো বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, শিক্ষানুরাগী ইসহাক খন্দকার প্রমুখ

‘রোগ প্রতিরোধ ও প্রতিকারে উপযুক্ত খাদ্য’ শীর্ষক সেমিনার

যশোর অফিস বৃহস্পতিবার যশোরে ‘রোগ প্রতিরোধ ও প্রতিকারে উপযুক্ত খাদ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর ঝিনাইদহের আঞ্চলিক কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক নির্মল কুমার দে’র সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ওরিয়েন্টেশন কর্মশালা

তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ প্রকল্পের আওতায় ‘নারী ও শিশু উন্নয়ন’ বিষয়ক নেতৃস্থানীয় ব্যক্তিদের ওরিয়েন্টেশন কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শবনম শিরিন, জেলা তথ্য উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, মেডিক্যাল কর্মকর্তা ডা. মঞ্জিলা খাতুন প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে বুধবার সন্ধ্যায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এম এ খালেকের নির্বাচনী কার্যালয়ে এ সংবর্ধনা দেয় উপজেলার হাড়িয়াদহ গ্রামবাসী। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, রাইপুর ইউপি সদস্য জসিম উদ্দীন, সাবেক সদস্য রুহুল আমীন, হাড়িয়াদহ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাহিদুল ইসলাম প্রমুখ।

গ্রীন লাইফের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দিনব্যাপী সৈয়দপুরের গ্রীণ লাইফ ল্যাব অ্যান্ড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওই ক্যাম্পে এক হাজার ২শ’ রোগীকে বিনামূল্যে চিকিত্সা ও ওষুধ দেওয়া হয়।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা জুয়েল জানান, সর্বস্তরের রোগীর কথা বিবেচনায় রেখে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের নির্বাহী পরিচালক মো. আবু ছায়ীম, ডা. মো. আসাফুদ্দৌলা (নাক, কান, গলা বিশেষজ্ঞ) প্রমুখ।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনায় মিলাদ

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা চান্দিনায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনায় বৃহস্পতিবার সকালে মিলাদ অনুষ্ঠিত হয়েছে। চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজে মওলানা ভাসানী মিলনায়তনে এর আয়োজন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ও কলেজ প্রতিষ্ঠাতা ড. রেদোয়ান আহমেদ। কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভুঁইয়া, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য জামসেদ আহমেদ জাকি প্রমুখ।

তানভীর ইমাম এমপিকে গণসংবর্ধনা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় বুধবার তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগ সলপ রেলওয়ে স্টেশনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডেভোকেট মারুফ বিন হাবিব, উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের ৩০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।