রামগড়ে চাপাতি দিয়ে কুপিয়ে যুবককে আহত

খাগড়াছড়ির রামগড়ে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে শিমুল(২২) নামে এক যুবককে। পুলিশ চাপাতিসহ  সাহাদাৎ (২৫) নামে ওই হামলাকারীকে আটক করেছে।

 
গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রামগড় বাজারের পুলিশ বক্সের অদূরে এ ঘটনা ঘটে। আহত শিমুলকে রামগড়  উপজেলা  হাসপাতালে  ভর্তি করা হয়েছে। তার পিঠে ও গলার পাশে চাপাতির কোপে জখম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের উপকণ্ঠে কালীবাড়ি মোড়ে একটি মাইক্রোবাস থেকে জোরপূর্বক নিচে নামিয়ে শিমুলকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপাতে থাকে সাহাদাৎ। এ সময় পুলিশ বক্সে দায়িত্বরত এএসআই অহিদ উল্লাহ ঘটনাটি দেখে শিমুলকে রক্ষা করতে দৌড়ে এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।  পুলিশও পিছু ধাওয়া করে  হামলাকারী যুবককে আটক করে। পুলিশ হামলায় ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করেছে। আহত যুবক ওই  মাইক্রোবাসের হেলপার এবং রামগড়  পৌরসভার  উত্তর  গর্জণতলীর টমটম চালক সেলিমের পুত্র।

পুলিশের হাতে আটক সাহাদাৎ উপজেলার বলিপাড়ার জনৈক সিদ্দিকুর রহমানের ছেলে। সে নিজেকে রামগড় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক  এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের লোক বলে দাবি করে। সে জানায়, ওই মাইক্রোবাস দিয়ে  তাকে চাপা দেয়ার চেষ্টা করা হয়। তাই সে শিমুলকে চাপাতি  দিয়ে কোপায়।

এদিকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কাজী নুরুল আলম ও উপজেলা  যুবলীগের সাধারণ সম্পাদক  বিশ্ব ত্রিপুরা মুঠোফোনে বলেন, সাহাদাৎ  নামে তাঁরা কাউকে চিনেন না। নিজের অপরাধ থেকে বাঁচতে সে তাঁদের নাম বিক্রি করছে বলে তাঁরা জানান।
 
রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান বলেন, হামলাকারী যুবককে চাপাতিসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এএন