আইন ভাঙায় অর্জুনের বাড়ি ভাঙছে মুম্বাই কর্পোরেশন

দোষটা অর্জুন কাপুরের। মুম্বাই কর্পোরেশনের বার বার নির্দেশ দেয়ার পরও তা গ্রাহ্যই করলেন না তিনি। তাই কর্পোরেশন ঠিক করেছে, ভাঙা হবে অর্জুনের বাড়ি!
 
ঘটনাটি হল, অর্জুন কাপুর তার বাসভবনের একটা অংশকে বেআইনিভাবে বাড়িয়ে তুলছেন। আর তা নিয়েই আপত্তি জানিয়েছে মুম্বাই কর্পোরেশন।
 
মুম্বাই কর্পোরেশনের পক্ষ থেকে একজন হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন, 'হ্যাঁ, আমরা এর আগেও এই বিষয়টি অর্জুন কাপুরকে জানিয়েছিলাম। এক সপ্তাহের মধ্যেই বাড়ির বাড়তি অংশ ভেঙে দেওয়া হবে।’
 
মুম্বাই কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ নিয়ে বহুবার অর্জুন কাপুরকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু বিষয়টিকে পাত্তাই দেননি অভিনেতা। তাই এবার বেআইনিভাবে বাড়ানো বাড়ির অংশকে নিয়ম মেনেই ভেঙে দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হবে।
 
তবে এই বিষয় নিয়ে কোনো ধরণের মন্তব্য করতে চাননি অর্জুন কাপুর। সংবাদ মাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কোনো কথাও বলতে চাননি তিনি।
 
ইত্তেফাক/এএম