স্বরূপকাঠিতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবিতে মো. শহীদুল ইসলাম (৪০) নামে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে সন্ধ্যানদীর শাখা কালিবাড়ি খালের মোহনায় বিসিক শিল্প নগরীর সামনে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ট্রলারের যাত্রী মো. আল আমিন জানান, কৌরিখাড়া লঞ্চঘাট থেকে শিশু মহিলাসহ ৩৫/৪০ যাত্রী নিয়ে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন ঘাটে যাচ্ছিল।
ট্রলারটি বিসিক শিল্প নগরী এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা আনন্দ ৭ নামে একটি কাঠ বোঝাই ট্রলার খেয়ার ট্রলারটিকে সজোরো ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রলারটি ডুবে যায়। অন্যান্য যাত্রীরা সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলে ঐ কর্মকর্তা ডুবে যান। খবর পেয়ে স্বরূপকাঠি, বরিশালের দমকল বাহিনীর এবং স্থানীয় ডুবুরিরা ট্রলার উদ্ধার করেছে। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। পুলিশ আনন্দ ট্রলারটিকে আটক করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ কর্মকর্তার কোন হদিস মেলেনি।
উল্লেখ্য, শহীদুল ইসলাম তার ছেলেকে স্কুলে ভর্তি করানোর জন্য বরিশাল যাচ্ছিলেন। শহীদুল ইসলাম উপজেলার কৌরিখাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
ইত্তেফাক/এসএস