ভারতের ঝাড়খণ্ডের লালমাটিয়ায় আচমকাই কয়লা খনিতে ধস নামায় খনির মধ্যে আটকে পড়েছেন ৪০ জন কর্মী।
ইন্ডিয়া টুডে বলছে, খনির মধ্যে থেকে কর্মীদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। তবে খনির মধ্যে আটকে পড়া কর্মীরা কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
যত সময় গড়াচ্ছে, উদ্বেগ তত বাড়ছে। ইতোমধ্যে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কিছু মৃতদেহ ধংসস্তুপের মধ্যে দেখা যাচ্ছে বলে দাবি সূত্রের।
সূত্রের খবর, খনির মধ্যে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন কর্মী আটকে রয়েছেন। দুর্ঘটনার পর পরই পাটনা থেকে পর পর বেশ কয়েকটি উদ্ধারকারী দল লালমাটিয়ার উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসনও হাজির হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিফট বদল করার সময় ওই দুর্ঘটনা ঘটে। ভারতের কেন্দ্রীয় কয়লা-মন্ত্রী পিয়ুস গোয়েল জানিয়েছেন, আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি, ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএম