গাংনীতে হাতবোমাসহ সন্ত্রাসী গ্রেফতার

 
মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর থেকে গুলি, আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ মনিরুল ইসলাম (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসী মনিরুল ইসলাম গাংনী উপজেলার কসবা গ্রামের ওসমান আলীর ছেলে।
 
আজ শুক্রবার ভোরের দিকে গাংনী উপজেলার গোপালনগর মাঠ নামক স্থান থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে দুইটি হাতবোমা, দুই রাউন্ড বন্দুকের গুলি, একটি এলাজি শুটারগান উদ্ধার করা হয়েছে।
 
গাংনী উপজেলার গোপাল নগর মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও এসব অস্ত্রসহ মনিরুল ইসলাম গ্রেফতার হন।
 
উপ-পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, তার নামে গাংনী থানায় একটি হত্যা, দ্রুত বিচার আইনে একটি এবং মুজিবনগর থানায় বিস্ফোরক ও ডাকাতি আইন একটিসহ তিনটি মামলা রয়েছে। থানায় এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য দিয়েছে। 
 
আজ শুক্রবার তার নামে অস্ত্র আইনে একটি বিস্ফোরক ও ডাকাতির চেষ্টা আইনে আরো দুটি মামলা রেকর্ড করা হয়েছে। মনিরুল ইসলামকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। 
 
 
ইত্তেফাক/কেকে