দারিদ্র্য দূর করতে দুইলাখ নারীর প্রশিক্ষণ শুরু

দারিদ্র্য দূর করতে দেশের দুই লাখেরও অধিক অসচ্ছল ও দরিদ্র সুবিধাবঞ্চিত নারীর আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ শুরু হয়েছে। দক্ষতা বাড়াতে আয়বর্ধক এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের কর্মসংস্থানসহ পরিবারের দারিদ্র্য দূর করতে সক্ষম হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক সচিব কামরুন নাহার। গত বুধবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের টেইলারিং ট্রেডের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, আগামী বছর মুজিব বর্ষ ও ২০২১ সালে আমাদের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। আমাদের সামনে আছে ২০৩০ সালের এসডিজি অর্জন, ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ এবং ২১০০ সালের ডেল্টা প্লান। সফল উদ্যোক্তা হিসেবে এ সকল লক্ষ্য অর্জনে নারী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প পরিচালক শফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব জাহানারা পারভীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে দেশের ৪২৬টি উপজেলায়, ৬৪টি জেলা ও ৮ টি বিভাগীয় শহরে মটর ড্রাইভিং, ফ্রন্টডেস্ক ম্যানেজমেন্ট, সেলসম্যানশিপ, ভার্মি কম্পোস্ট, কম্পিউটার সার্ভিসিং, মাশরুম চাষ, বিউটিফিকেশন ও টেইলারিংসহ ১১টি ট্রেডে দুই লাখের বেশি নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।