কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় মা-ছেলের মৃত্যু

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় রিকশাযাত্রী মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহত মহিলার ৩ বছরের শিশু সন্তান তানভীর হোসেন। 
 
শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিতকরা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী জয়নাব বেগম (৩৫) ও ছেলে রবিউল আলম (১৫)। আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 
 
স্থানীয় সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসা শেষে রিকশা করে বাড়িতে ফিরছিলেন। এসময় পথে পাশ থেকে কাভার্ডভ্যান চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
 
চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
 
 
ইত্তেফাক/এমআই