বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ স্মরণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে শুক্রবার দিনব্যাপী হুমায়ূন মেলা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব মো. হারুন অর রশিদ শুক্রবার সকালে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মহুয়া মমতাজ, হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান আহমেদ, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও হুমায়ূন ভক্ত পরিষদের সভাপতি লুৎফুর রহমান আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হুমায়ূন ভক্ত পরিষদের সভাপতি লুৎফুর রহমান আকন্দ জানান, ‘হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে গত বছর থেকে আমরা এ মেলার আয়োজন করে আসছি। এবারের মেলায় বইয়ের স্টলসহ মোট ২৫টি স্টল বসেছে।
ইত্তেফাক/ইউবি