বিপুল উত্সাহ, উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিবসের কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ৬টা ২০ মিনিটে বিজিবির ইউনিটসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৭টা ১৫ মিনিটে বিজিবি মহাপরিচালক ঢাকায় কর্মরত বিজিবির সকল অফিসার, বিজিবিতে কর্মরত সকল মুক্তিযোদ্ধা, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সৈনিকদের অংশগ্রহণে পিলখানাস্থ স্মৃতিসৌধ ‘সীমান্ত গৌরব’র বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিজিবির একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ফজরের নামাজের পর পিলখানাস্থ কেন্দ্রীয় জামে মসজিদসহ বিজিবির সকল ইউনিট মসজিদে জাতির শান্তি ও সমৃদ্ধি, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি এবং বিজিবির উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দুপুরে বিজিবি হাসপাতালের রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
বিজিবির অডিটরিয়ামসমূহে বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গ এবং বিজিবির স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বিজিবির সকল ইউনিটে ‘বিজয়ী বাংলা তুমি সর্বত্র সগৌরবে’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন এবং সন্ধ্যার পর পিলখানাস্থ গুরুত্বপূর্ণ অফিস ভবন ও গেইটসমূহে আলোকসজ্জা করা হয়।