স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ জনগণের সরকার। বর্তমান সরকার জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অতীতে যারা রাজনীতির নামে লুটপাট করেছে তাদেরই জনগণ আস্তাকুড়ে নিক্ষেপ করেছে।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকলে তিনি এ কথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে- এদেশের জনগণ উন্নয়নের পক্ষে আছে। সন্ত্রাস ঘুষ দুর্নীতি লুটপাটের রাজনীতি প্রত্যাখান করেছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আলমপুর রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী মর্তুজ তালুকদারের কবর জিয়ারত করেন।
কাজিপুর ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণকালে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সুর্য্য, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী শেখ, দানিউল হক দানী, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি