বিদায় ২০১৬

নতুন বছর শুরু হচ্ছে। ঘরের দেয়ালে বদলে যাচ্ছে ক্যালেন্ডার। শোবিজ কর্মীরাও নতুন করে বছরের ক্যারিয়ার ছক আঁকেন। আজকে বছরের শেষদিনে নিজের প্রাপ্তি অপ্রাপ্তি গোনার প্রশ্নে বেশ ক’জন তারকাকে যখন ফোন করা হয় তারা জানান নিজেদের ভালো-মন্দ মিশেল স্মৃতিকথা।
 
দেশের বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘আমাদের সংস্কৃতিকর্মীদের নিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় যেন আর কখনো মাঠে নামতে না হয়, নতুন বছরে এটিই প্রত্যাশা। ২০১৬ সাল আমার কাছে খুব বেশি পরিবর্তনের বছর নয়। নিজের ছন্দেই কাজ করে গেছি। এমন প্রাণোচ্ছ্বল হয়েই থাকতে চাই।’
 
প্রেজেন্টার্স প্লাটফর্মের সাধারণ সম্পাদক দেশের জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘পরিবর্তন নামে নতুন একটি অনুষ্ঠান শুরু করেছিলাম এ বছর। অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তায় এখন দারুণ এক পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। নিজেদের উপস্থাপক স্বত্ত্বার একটি সাংগঠনিক ভিত তৈরি করতে পেরেছি এ বছরে। বছরটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাই নতুন বছর একাধিক উদ্যোগ সফল করার বছর।’
 
শাকিব খানকে যখন সবাই পরিবর্তনের বছর বলেন তখন তার মুখে শোনা গেল ভিন্ন কিছু। শাকিব বলেন, ‘দেখুন, আমি প্রতিবছরই ইন্ডাস্ট্রির জন্যই ছিলাম, ইন্ডাস্ট্রির জন্যই আছি। কাজ করে যাচ্ছি। হ্যাঁ, সময়ের সাথে সাথে সবাই বদলায়। আমার গেটআপ আগেও বদলেছে। এবারের গেটআপ বদলের বিষয়টির মার্কেটিংটা বেশি হয়েছে, এটাই পার্থক্য। নতুন বছরে চাইবো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটি ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করুক। কারো মতো নয়, নিজেরা আমরা উদাহরণ তৈরি করতে পারি।’
 
মিউজিক ইন্ডাস্ট্রির ২০১৬ প্রসঙ্গে শুনতে চাইলে দেশের গুণী শিল্পী ফাহমিদা নবী বলেন, ‘মিউজিক ভিডিওর অপরিহার্যতার বছর। তবে আমার মনে হয়, একটি গানকে মডেল বা ঝকঝকে মিউজিক ভিডিও দিয়ে শ্রোতার ভাবনাকে আমরা আটকে দিচ্ছি। নতুন বছরে গানটা ভিডিও গুরুত্বকে যেন ছাপিয়ে যায়। এর বাইরে প্রযুক্তিকে অস্বীকার করার কোনো কারণ নেই।’
 
চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মীম বলেন, ‘২০১৬ আমার জন্য দারুণ একটি বছর। নতুন বছরে বাংলাদেশি ছবির জয় হোক সেই প্রত্যাশাই থাকবে।’
 
ইত্তেফাক/এমএআর