আবাসিক হোটেলে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

 
সিরাজগঞ্জের এনায়েতপুরের জোয়াদ্দার হোটেলে এক গৃহবধূকে (৪৫) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। 
 
এনায়েতপুর থানার ওসি তদন্ত আব্দুল হালিম ও হোটেল কেয়ারটেকার বাবুল হোসেন জানান, মোকছেদপুরের বাহারা গ্রামের আব্দুর রহিম নামে এক ব্যক্তি ওই নারীকে নিয়ে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন হাফেজ মোহাম্মদ আলীর তিন তলা জোয়াদ্দার হোটেলের নিচ তলায় ভুল ঠিকানা ও মোবাইল নম্বর লিপিবদ্ধ করে স্বামী-স্ত্রী পরিচয়ে বৃহস্পতিবার রাত ৯টা থেকে অবস্থান করেন। শুক্রবার রাত ৯টার দিকে রুমটি তালা দিয়ে ওই ব্যক্তি পালিয়ে যান। পরে বিষয়টি থানা পুলিশ জানতে পেরে তালা ভেঙ্গে নারীর লাশ বিছানায় পড়ে থাকতে দেখে। তার মাথার পাশে একটি জুসের বোতল পড়ে রয়েছে।
 
পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে হাসপাতালে চিকিৎসার কথা বলে হোটেল কক্ষ ভুল ঠিকানায় ভাড়া নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 
 
তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে এনায়েতপুর থানার ওসি তদন্ত আব্দুল হালিম জানিয়েছেন।
 
 
ইত্তেফাক/কেকে