লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।
শুক্রবার রাতের এ ঘটনায় ব্যবসয়ী শরিফ হোসেন বাদী হয়ে ডাকাতি মামলা ও রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাদী হয়ে ওই এলাকার অজ্ঞাতনামা দুই শ গ্রামবাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলায় চরমোহনা ইউনিয়নের মিতালী বাজারের ব্যবসায়ী শরিফ হোসেনের ঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত হানা দেয়। এ সময় ঘরের লোকজন চিৎকার শুরু করলে ডাকাতদল শরিফকে পিটিয়ে আহত করে ঘরে থাকা নগদ দুই লাখ টাকা ও কিছু স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাত রুহুল আমিনকে ধরে পিটুনি দিয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশে খবর দেয়। শুক্রবার ভোরে ঘটনাস্থলে থেকে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে সকাল সাড়ে নয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএসএমইউ