সহিদ রাহমানের কথায় গাইলেন বাপ্পা-মুন্নী

প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। তবে কোনো আধুনিক গান নয়, দেশের গানে পাওয়া যাবে তাঁদের দ্বৈত কণ্ঠে।
 
‘বিজয় বলতে ষোলই ডিসেম্বর, বিজয় মানে উনিশশো একাত্তর’ শিরোনামে গানটির কথা লিখেছেন কবি ও গীতিকার সহিদ রাহমান, সুর দিয়েছেন উদয় বন্দ্যোপাধ্যায়।
 
গানটিতে উঠে এসেছে বাঙালির বিজয়ের অহংকার, ভাষা আন্দোলন, স্বাধীনতায় বঙ্গবন্ধুর ভূমিকা, শহীদদের প্রতি বাঙালির ঋণ, উন্নয়নের লক্ষে বর্তমান সরকারের সময়োগযোগী ও দুরদর্শী সিদ্ধান্ত। বিজয়ের মাস ডিসেম্বরে প্রকাশের লক্ষেই গানটি তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীনা। শুধু অডিও নয়, গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও বিজয় দিবস থেকে দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে।
 
বাপ্পা মজুমদার বলেন, ‘আমরা দেশকে সবসময়ই ভালোবাসি। তবে ডিসেম্বরে যেহেতু স্বাধীন একটি দেশ পেয়েছি, তাই এ মাসে দেশত্ববোধের চেতনা বেশি কাজ করে সবার মাঝে। এমন একটি উপযুক্ত সময়ে ভক্তদের দারুণ কথার একটি গান উপহার দিতে পেরে খুব ভালোলাগছে।’
 
দিনাত জাহান মুন্নি বলেন, ‘গানটিতে সহজ কথায় চমৎকারভাবে দেশের প্রতি ভালোবাসা বুঝিয়েছেন গীতিকার সহিদ রাহমান। তাইতো গানের কথা শুনেই আমি মুগ্ধ হয়েছি। চেষ্টা করেছি গায়কিতেও যেন সেই দেশপ্রেমের আবেদনটি থাকে। আশাকরি সবার ভালো লাগবে।’
 
ইত্তেফাক/এমএআর