পাঁচবিবির ৪৮১ মাদক ব্যবসায়ী আলোর পথে

ভারত সীমান্ত ঘেষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নের ৪৮১ জনকে মাদক ব্যবসা ত্যাগ করে সুস্থ জীবনে ফিরে আসার পথ দেখিয়েছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
 
ওসি আশরাফুল ইসলাম কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতায় মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে আসার স্বপ্ন দেখান। মাদক ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য তিনি বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়ান। গত এক বছরে এ দুই ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের নিয়ে একাধিকবার সভা সমাবেশ করা হয়েছে। আলোর পথে ফিরে আসতে মাদক ব্যবসায়ীদের চাহিদামতো সহযোগিতা করা হয়। শুক্রবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়ামে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের সম্মানজনক পেশায় পুনর্বাসন কল্পে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
 
এতে জেলা পুলিশ সুপার মো. রশীদুল হাসান সভাপতিত্ব করেন। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন ও জেলা প্রশাসক মো আব্দুর রহিম এবং জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী উপস্থিতি ছিলেন।
 
এতে উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি থানার ওসি মো. আশরাফুল ইসলাম ও উপজেলা পুলিশিং ফোরামের আহ্বায়ক মহির উদ্দিন মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএসএমইউ