ওস্তাদ জাকির হুসেইনের সঙ্গে শচীন টেন্ডুলকার

দুইজন দুই জগতের তারকা, জীবন্ত কিংবদন্তী। দুজনের হাতের কাজ দেখতে অপেক্ষায় থাকে কোটি কোটি মানুষ। ২২ গজের পিচে ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের ব্যাটের জাদু দেখেছে বিশ্ব। আর গানের মঞ্চে নিজের তবলা দিয়ে ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রাখেন ওস্তাদ জাকির হুসেইন।
 
এবার দুই অঙ্গনে এই দুই কিংবদন্তীকে দেখা যাবে একসঙ্গে। এসময় একটি গানও গাইবেন শচীন টেন্ডুলকার।
 
নতুন বছরের শুরুতেই অবশ্য সর্বসমক্ষে গানের মঞ্চে হাজির হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার। সব ঠিকঠাক চললে ৯ জানুয়ারি মুম্বাইয়ের সনমুখনন্দ অডিটোরিয়ামে গায়কের ভূমিকায় দেখা যেতে পারে সচিনকে!
 
তার সঙ্গে তবলায় মঞ্চ কাঁপাবেন উস্তাদ জাকির হুসেইন। মুম্বাইয়ের পথ শিশুদের সাহায্যার্থে শাওনি সুর সঙ্গীত আয়োজিত এই চ্যারিটি অনুষ্ঠানের নামেও রয়েছে চমক—‘মাস্টার অ্যান্ড দ্য মায়েস্ত্রো’।
 
অনুষ্ঠানের প্রথমার্ধে একে অপরের সাক্ষাৎকার নেবেন সচিন ও জাকির। জীবনের ওঠা-পড়া, ভাঙা-গড়ার গল্প শোনাবেন দর্শকদের। দ্বিতীয়ার্ধের শুরুটা হবে জাকিরের তবলার তালে। এবং শেষে থাকবে সেই ‘চমক’, যখন মঞ্চে অন্য ভূমিকায় হাজির হবেন সচিন। কিছুক্ষণের জন্য।
 
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারকে শচীন জানান, ‘অনেক ক্রিকেটারই সঙ্গীত ভক্ত। আমিও ব্যতিক্রম নই। আর জাকিরজির মতো ব্যক্তিত্বর কথা তো সবাই জানেন। ওঁর সঙ্গে মঞ্চ শেয়ার করাটা বড় ব্যাপার। এই শো-এর জন্য আমিও মুখিয়ে রয়েছি। আনন্দবাজার
 
ইত্তেফাক/এমএইচ