জাপার মহাসমাবেশ রবিবার

রবিবার পহেলা জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটি মহাসমাবেশের আয়োজন করেছে। বেলা ১১টায় অনুষ্ঠেয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। 
 
মহাসমাবেশ সফল করতে জাপার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকাসহ প্রায় সারাদেশে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন দলটির বিভিন্ন স্তরের নেতারা। কয়েকদিন ধরে সমাবেশস্থলে নির্মাণ করা হয়েছে বিশাল আকারের মঞ্চ। সমাবেশ উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটি গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক করে সার্বিক প্রস্তুতি শেষ করেছে। 
 
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জাপা রাজধানীতে বেশ কয়েকটি তোরণ নির্মাণ ছাড়াও ব্যাপকহারে পোস্টারিং করেছে। প্রায় চার কোটি টাকা বাজেটের এই সমাবেশে ব্যাপক লোকসমাগম ঘটাতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাড়াও বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মী-সমর্থকদের আনা হচ্ছে।
 
জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার শনিবার ইত্তেফাককে বলেন, ‘আশা করছি একটা সফল সমাবেশ হবে। দেশের মানুষ স্মরণকালে এতবড় সমাবেশ দেখেনি, সেভাবে প্রস্তুতি নেয়া হয়েছে। এই সমাবেশ থেকে জাপা দেশবাসীকে এই বার্তা দিতে চায় যে- অতীতের যে কোনো সময়ের তুলনায় জাপা এখন অনেক বেশি শক্তিশালী। আগামীতে তিনশ আসনে এককভাবে নির্বাচন করতে জাপা প্রস্তুত। সমাবেশের পর জাপাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনেও এই দলকে নিয়ে নতুন করে আগ্রহের সৃষ্টি হবে। কার্যত এই সমাবেশের মধ্য দিয়ে জাপা নতুন বছরে নতুন করে ঘুরে দাঁড়াতে চায়।
 
 
ইত্তেফাক/এমআই