মহাকাশে অভিকর্ষ বল শূন্যের কাছাকাছি থাকে বলে সেখানে মহাকাশচারীরা ভেসে থাকতে পারেন। সেখানে ভেসে থাকা সম্ভব হলেও স্থির থাকাটা বেশ ঝামেলার ব্যাপার। কিন্তু সমপ্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশ অভিযাত্রী থমাস পেসকুয়েত এবং তার চার সহযোগী মেতেছিলেন ম্যানাকেন চ্যালেঞ্জে। মহাকাশে ভেসে থাকতে হলেও তাদের হাত কিংবা পা কোনো কিছুর সঙ্গে স্পর্শ করে রাখতে হয়। মহাকাশে এভাবে ভেসে থেকে ম্যানাকেন চ্যালেঞ্জ পূরণ করে তারা বেশ চমক সৃষ্টি করেছেন। স্থির থেকে শূন্যে ভেসে থাকার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে। থমাস পেসকুয়েত নিজের ফেসবুকের এক পোস্টে লিখেছেন, মহাকাশযানের সব ক্রু এক সঙ্গে এই ম্যানাকেন চ্যালেঞ্জে অংশ নিয়েছিলাম। এটা কল্পবিজ্ঞানকেও হার মানানোর মতো একটি ঘটনা ছিল। ম্যানাকেন চ্যালেঞ্জকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে আমাদের এই প্রচেষ্টা। মূলত ছয় মাসের এক অভিযানে মহাকাশে অবস্থান করছেন তারা। রবিবারের এক ছুটির দিনকে একটু অন্যরকমভাবে কাটাতেই তারা এটি করতে চেয়েছিলেন।-হাফিংটন পোস্ট
ইত্তেফাক/এএন।