ইস্তাম্বুলে নাইটক্লাবে ‘সন্ত্রাসী হামলায়’ নিহত ৩৫, আহত ৪০

তুরস্কের ইস্তাম্বুলে একটি নাইটক্লাবে সশস্ত্র সন্ত্রাসী হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতের শঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
শনিবার দিবাগত রাতে (১ জানুয়ারির প্রথম প্রহরে) নগরীর বেসিকতাস এলাকার রেইনা নাইটক্লাবে এ হামলা হয়।
 
ইস্তাম্বুল গভর্নর ভাসিপ সাহিন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। 
 
গভর্নর ভাসিপ সাহিনের দাবি, এটি একটি সন্ত্রাসী হামলা। তবে এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।
 
গভর্নর জানিয়েছেন, হামলাকারী ছিল একজন। তুর্কি ভাষার সিএনএন জানিয়েছে, সান্তা ক্লজের পোশাকে সজ্জিত ছিল হামলাকারী।
 
ভাসিপ সাহিন আরো জানিয়েছেন, নববর্ষ উদযাপন ও আনন্দরত লোকদের ওপর শক্তিশালী বন্দুক নিয়ে বর্বর ও নৃশংসভাবে হামলা চালায় এক সন্ত্রাসী। শহরের ইউরোপীয় পাশে বসফরাস নদীর তীরে হামলার শিকার রেইনা নাইট ক্লাব পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান।
 
হামলার সময় রেইনা নাইট ক্লাবে প্রায় ৭০০ লোক ছিলেন। জীবন বাঁচাতে অনেকে নদীতে ঝাঁপ দেন।
 
তুরস্কের দোগান নিউজ এজেন্সি জানিয়েছে, হামলাকারী আরবিতে কথা বলছিল। তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির খবরে বলা হয়েছে, পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা নাইট ক্লাবে তল্লাশি চালাচ্ছেন।
 
হামলার পরপর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এখন হাওয়াইয়ে নববর্ষের ছুটি কাটাচ্ছেন।
 
ইত্তেফাক/কেকে