মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে রাশিয়া হ্যাকিং করেছিল বলে সিআইএ যে অভিযোগ করেছিল তার ‘প্রমাণ’ মিলেছে বলে দাবি করেছে ভারমন্ট অঙ্গরাজ্যের একটি প্রতিষ্ঠান। বার্লিংটন ইলেকট্রিক ডিপার্টমেন্ট নামের ওই প্রতিষ্ঠান জানিয়েছে তাদের কম্পিউটারে রুশ হ্যাকারদের তৈরী করা ম্যালওয়্যার পাওয়া গেছে। এই ম্যালওয়্যারের কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি নির্বাচনের ফল প্রভাবিত করার জন্য তৈরী করা হয়েছে। তবে আক্রান্ত এই কম্পিউটারটি নির্বাচনী নেটওয়ার্কে যুক্ত ছিল না। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বুঝতে পারছে না হ্যাকাররা কেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের কম্পিউটারে আক্রমণ করতে গেল।
ভারমন্টের নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, হয়তো হ্যাকাররা নির্বাচনী কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশের আগে দৈবচয়ন পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটারে প্রবেশ করে পরীক্ষা করে দেখতে চেয়েছিল তারা সঠিকভাবে হ্যাকিং করা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারছে কি না। ভারমন্টের সরকার এই অভিযোগের পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট পুতিন সরাসরি এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত এমন অভিযোগ ওঠার পর মস্কো-ওয়াশিংটন সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে।