বিদায়ী বছরে বিশ্বজুড়ে ৪৮ জন সাংবাদিক ও দুই গণমাধ্যমকর্মী দায়িত্ব পালন করতে নিহত হয়েছেন বলে পরিসংখ্যান দিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। এ ছাড়া আরো ২৮ সাংবাদিকের মৃত্যু হয়েছে এ বছর, যাদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সিপিজের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের তুলনায় এ বছর সাংবাদিকদের প্রাণহানির সংখ্যা কমেছে।
গতবার সারাবিশ্বে অন্তত ৭২ সাংবাদিক ও ৩ গণমাধ্যমকর্মী দায়িত্ব পালনের সময় নিহত হন। ওই তালিকায় বাংলাদেশের পাঁচজন ছিলেন। এ বছরের তালিকায় বাংলাদেশের কোনো সাংবাদিক নেই।
গত বছরের মতো এবারও সিরিয়ায় সবচেয়ে বেশি, ১৪ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন বলে উঠে এসেছে নিউইয়র্ক ভিত্তিক এ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিবেদনে।
যুদ্ধবিধ্বস্ত ইরাক ও ইয়েমেনে মারা গেছেন ছয়জন করে। এ ছাড়া আফগানিস্তানে চার সাংবাদিক, সোমালিয়া ও লিবিয়ায় তিনজন করে সাংবাদিক নিহত হয়েছেন।
পাকিস্তান, ভারত, মেক্সিকো ও তুরস্কের দুজন করে সাংবাদিক চলতি বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন; একজন করে সাংবাদিকের প্রাণ গেছে গিনি, ইউক্রেন, মিয়ানমার ও ব্রাজিলে।
ইরাক ও সিরিয়ার দুই গণমাধ্যমকর্মীও পেশাগত দায়িত্ব পালন করার সময় নিহত হয়েছেন বলে সিপিজের প্রতিবেদনে জানানো হয়েছে। সিপিজের তথ্য অনুযায়ী, ১৯৯২ সাল থেকে ২৫ বছরে বিশ্বে পেশাগত কারণে ১২২৮ সাংবাদিক খুন হয়েছেন। আর বিগত নয় বছরে দেশত্যাগে বাধ্য হয়েছেন ৪৫৬ সাংবাদিক।
ইত্তেফাক/এমএইচ