রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজধানীর বাংলামোটর পান্থকুঞ্জ পার্কের সামনে ট্রাকের ধাক্কায় বাবুল মাতবর (৪৩) নামে এক ঠেলগাড়ি চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই সহযোগী। আজ রবিবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- শাহ আলম (৫০) ও খোকন (৩৫)।
 
জানা যায়, ঠেলগাড়ি চালক ও তার দুই সহযোগী বংশাল থেকে ঠেলাগাড়িতে রড বোঝাই করে কাওরানবাজার যাচ্ছিলেন। বাংলামোটরে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তারা আহত হন। এর মধ্যে গুরুতর আহত বাবুল মাতবরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া।
 
ইত্তেফাক/কেকে