বার্সার হয়ে ‘খেলতে প্রস্তুত’ মেসি

ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলতে গিয়ে কুঁচকিতে চোট পাওয়ায় মরক্কোর বিরুদ্ধে মাঠে নামেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এখন সে চোট কাটিয়ে বার্সেলোনার হয়ে আগামীকাল শনিবার নিজেদের মাঠে এস্পানিয়লের বিরুদ্ধে খেলবেন তিনি।

লিওনেল মেসি রাশিয়ায় গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন। এরপর ভেনিজুয়েলার বিপক্ষে প্রীতিম্যাচ দিয়ে বিশ্বকাপের পর প্রথমবারের মত আন্তর্জাতিক ফুটবল আঙিনায় পা রেখেছিলেন মেসি। তিনি পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন।

যদিও তার প্রত্যাবর্তনের সুফল পায়নি কোচ লিওনেল স্ক্যালোনির দল। কেননা আর্জেন্টিনা ম্যাচটি হেরেছিল ৩-১ ব্যবধানে।

মেসি গত মঙ্গলবারই জাতীয় দলের দায়িত্ব থেকে আগাম ছাড় পেয়ে স্প্যানিশ ক্লাবটিতে ফেরেন। সেদিনের অনুশীলনে অংশ নিতে না পারলেও এস্পানিয়লের বিরুদ্ধে খেলবেন বলে সবুজ সংকেত দেন তিনি।

উসমান দেম্বেলে খেলতে পারবেন না এবং লুই সুয়ারেজকে নিয়েও আছে সংশয়। সঙ্গতকারণেই কোচ আর্নেস্তো ভালভার্দে তার দশ নম্বর খেলোয়াড়টিকে পাওয়ায় যার পর নাই আনন্দিত। সুয়ারেজ গত বুধবার দলের সাথে অনুশীলন করেছেন। কিন্তু রিয়াল বেটিসের বিরুদ্ধে পাওয়া আঘাতের কারণে সুয়ারেজ খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।

এস্পানিয়ল হচ্ছে বার্সেলোনার স্থানীয় প্রতিদ্বন্দ্বী। এটি কাতালান ডার্বি নামেও পরিচিত। এরপর কোচ ভালভার্দের দল যাবে ভিলারিয়ালের মাঠে খেলতে। ভিলারিয়ালের বিরুদ্ধে খেলাটি হবে আগামী মঙ্গলবার।

বার্সেলোনার উভয় খেলাতেই জয়ী হওয়া উচিত। কেননা দল দুটি লা লিগায় আছে যথাক্রমে ১৩ ও ১৭তম স্থানে। মেসি খেলা দুটিতে খেলতে পারেন আর নাই পারেন, ক্লাবটি চাইছে তিনি যেন খেলার উপযোগী অবস্থায় থাকেন। কাতালান ক্লাবটি দীর্ঘদিন ধরেই স্প্যানিশ লিগের শীর্ষে আছে। সমান ২৮ খেলা শেষে তাদের পেছনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যদিও দুই দলের মাঝখানে পয়েন্টের ব্যবধান ১০। বার্সেলোনার অর্জন ৬৬। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।