আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজন্য ধর্মীয় মৌলবাদী শক্তিকে চরম মূল্য দিতে হবে।
রবিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, এই হত্যাকাণ্ড সাম্প্রদায়িক অপশক্তির কাপুরুষোচিত কাজ। ধর্মীয় মৌলবাদী শক্তিকে এর জন্য চরম মূল্য দিতে হবে।
তিনি বলেন, সারা দেশের মানুষ যখন উৎসবমুখর পরিবেশে ইংরেজি নতুন বছরকে বরণ করছে, তখন সেই আনন্দ ধারার ওপর এটা বর্বরোচিত আক্রমণ হয়েছে। তবে অপশক্তি চলমান উন্নয়নধারাকে ব্যাহত করতে পারবে না।
শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের গুলিবিদ্ধ হন গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইত্তেফাক/এএসএস