আবারো ‘সুলতান সুলেমান’ এর নতুন সিজন

আজ থেকে আবারো শুরু হচ্ছে দীপ্ত টিভিতে প্রচারিত বহুল আলোচিত বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ এর নতুন সিজন।  জনপ্রিয় এবং আলোচনায় আসা সিরিয়ালটি এর আগে তিনটি সিজন শেষ করেছে।

রবিবার সন্ধ্যায় আবারো নতুন সিজন নিয়ে বাদশা সুলেমান, হুররাম সুলতান, ইব্রাহিম পাশা, হেলেনা হাজির হচ্ছেন ধারাবাহিকটিতে। আর এটা নিয়ে দীপ্ত টিভি তাদের ফেসবুক পেজ থেকে প্রমো এবং টাইম শিডিউল উল্লেখ করে পোস্ট দিয়েছে।

উল্লেখ্য, ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের ভেতরকার ঘটনা নিয়েই সিরিয়ালটির কাহিনী। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্রে গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা ও দাসপ্রথার অন্তরালে কী ঘটেছে, তা নিয়েই এই মেগা ধারাবাহিক।

২০১৫ সালের নভেম্বর থেকে বাংলায় ডাবিং করে ধারাবাহিকটি প্রচার করতে থাকে দীপ্ত টিভি। অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি জনপ্রিয় অর্জন করে। তেমনি দেশের সংস্কৃতি রক্ষা এবং বিদেশি ডাবিংকৃত সিরিয়ার বন্ধের দাবি নিয়ে আন্দোলনে নামে শিল্পী ও কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।

সম্প্রতি ‘সুলতান সুলেমান’ বন্ধের দাবি নিয়ে কাওরান বাজারে অবস্থিত দীপ্ত টিভির সামনে অবস্থান কর্মসূচি পালন করে এফটিপিও। তবে এতকিছুর পরেও আবারো শুরু হচ্ছে আলোচিত এ সিরিয়াল! কলাকুশলীদের পক্ষ থেকে এবার কী হয়, সেটাও দেখার বিষয়।

ইত্তেফাক/এমএআর