ওলে গুনার সোলসারকে স্থায়ী কোচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার মেয়াদ হবে তিন বছর। গত বছরের ডিসেম্বরে হোসে মরিনহোকে বরখাস্ত করে ইউনাইটেড তাদের সাবেক স্ট্রাইকারটিকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়েছিল।
স্যার অ্যালেক্স ফার্গুসন ২০১৩ সালে অবসর নেয়ার পর ইউনাইটেডের চতুর্থ স্থায়ী কোচ হলেন সোলসার। শীর্ষ পর্যায়ে ক্লাবকে ২০টি শিরোপা জেতানো ফার্গুসনের পর ডেভিড ময়েসকে ছয় বছরের জন্য নিয়োগ দিয়েছিল ম্যান ইউ। কিন্তু তিনি প্রথম বছরেই বরখাস্ত হন। এরপর দুই বছর কাটিয়ে বিদায় নেন নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক কোচ লুই ফন গল। তারপর গেলেন মরিনহো।
নরওয়ের এই কোচ এর আগে ১১ মৌসুম স্ট্রাইকার হিসেবে খেলেন। ১৯৯৯ সালে যে দলটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিতেছিল, তার জয়সূচক গোলটি করেছিলেন এই সোলসার। বর্তমানে ৪৬ বছর বয়সী সোলসার দায়িত্ব নিয়েই ম্যান ইউকে জয়ের ধারায় ফিরিয়ে আনেন।
সোলসার এই নিযুক্তিতে আনন্দ প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এ কাজটাই করবো বলে আমি সবসময় স্বপ্ন দেখতাম। এখন দীর্ঘ মেয়াদে ক্লাবটিকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি আত্মহারা। এই বিশেষ ক্লাবটিতে আমি যেদিন প্রথম এসেছিলাম, তখন থেকেই আমার এটাকে বাড়ি মনে হচ্ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় হতে পারাটা ছিল বিরাট সম্মানের। এরপর এখানেই আমার কোচিং ক্যারিয়ার শুরু করতে পারাটা।’
তিনি আরো বলেন,‘গত কয়েকটা মাস দুর্দান্ত অভিজ্ঞতায় কেটেছে।’
মরিনহোর বিদায়ে দায়িত্ব নেওয়ার সময় ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ম্যান ইউ ছিল ষষ্ঠ স্থানে। শীর্ষ চার দলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ছিল তারা। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সোলসারের দল প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ১৩ খেলায় হেরেছে কেবল একটিতে। তাদের হারটি ছিল আর্সেনালের কাছে, এ মাসেই।
ম্যান ইউ এখন চতুর্থ স্থানে থাকা লন্ডনের ক্লাবটির চাইতে কেবল দুই পয়েন্টে পিছিয়ে আছে। ক্লাবটির ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিনি টানা ছয় লিগ ম্যাচে জয়ের নজির গড়েন। ২০১৪ সালের পর তার কোচিংয়েই ম্যান ইউ আবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে।
শেষ ষোলোয় পিএসজির কাছে নিজেদের মাঠে ২-০ গোলে পরাজয়ের পরও সোলসারের ইউনাইটেড ঘুরে দাঁড়িয়ে অতিরিক্ত সময়ের পেনাল্টিতে জয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
এক নজরে
সোলসার
জয় ১৪
ড্র ২
হার ৩
গোল পক্ষে ৪০
গোল বিপক্ষে ১৭