খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পথচারী নারী শিপ্রা রানী কুণ্ডু নিহত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ পূজা উদযান পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা যৌথভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এদিকে, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জেডএ মাহমুদ ডনের ওপর হামলা এবং গুলিতে পথচারী শিপ্রা রানী কুণ্ডু নিহতের ঘটনায় খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ীমী লীগ নেতা ইব্রাহিম খলিল অজ্ঞাত ৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। আওয়ামী লীগ নেতা ডন ও গৃহবধূ শিপ্রা রানী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবুকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডনের ওপর হামলা ও দুর্বৃত্তদের গুলিতে নিরীহ পথচারী নারী শিপ্রা রানী নিহত হওয়ার ঘটনাকে পুলিশ অতি গুরুত্বের সঙ্গে নিয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রূপসা স্ট্রান্ড রোড এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবু নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাবুকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
ইত্তেফাক/ইউবি