ইস্তাম্বুলে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা : বিদেশিসহ নিহত ৪০

 
তুরস্কের ইস্তাম্বুল নগরীর একটি নাইটক্লাবে ইংরেজি নববর্ষ উদযাপনকালে সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছে দুই ভারতীয়সহ ১৫ বিদেশী নাগরিক। একজন বন্দুকধারী সান্তা’র পোশাক পরে এ হামলা চালায়। ইস্তাম্বুলের গভর্নর বাসিপ শাহিন বলেন, অন্তত একজন বন্দুকধারী নাইটক্লাবের প্রবেশ পথে এক পুলিশ ও এক বেসামরিক লোককে হত্যা করে ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায়।
 
তবে বার্তা সংস্থা দোগান জানায়, সান্তা ক্লজের পোশাকে দু’জন হামলাকারী এ হামলা চালায়। শাহিন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এ হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে। আহত আরো ৭০ জনকে হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।’ নগরীর ইউরোপীয় অংশে বোসফোরাসে এই নাইটক্লাব অবস্থিত।
 
শাহিন আরো বলেন, স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২টা ১৫ মিনিট) এ হামলা চালানো হয়। তিনি একে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন। হামলাকারীর ভাগ্যে কি ঘটেছে সে ব্যাপারে তিনি কিছু জানাননি। হামলাকারীরা ‘আরবী ভাষায়’ কথা বলছিল। পরে পুলিশের বিশেষ বাহিনী নাইটক্লাবে তল্লাশী শুরু করে। সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কে একের পর এক হামলা হচ্ছে। এই হামলাগুলোর জন্য কুর্দি জঙ্গি ও ইসলামিক স্টেট জিহাদিদের দায়ি করছে দেশটির কর্তৃপক্ষ।
 
হামলার সময় নৈশক্লাবে প্রায় ৭০০ লোক ছিল। এদের মধ্যে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করে। সমপ্রতি ধারাবাহিক জঙ্গি হামলার কবলে পড়েছে তুরস্ক। হামলার আশঙ্কায় এরই মধ্যে প্রায় ১৭ হাজার পুলিশ দায়িত্বে নিয়োজিত ছিল। নববর্ষে ইস্তানবুলে ছিল উচ্চ সতর্কতা। তারপরও এই হামলা সংঘটিত হলো। এর মাত্র কিছুদিন আগেই আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেন পুলিশ কর্মকর্তা মেভলুত মের্ত আলতিনতাস।
 
ইত্তেফাক/আরএ