রূপগঞ্জ-দোলেশ্বরের এগিয়ে যাওয়ার সুযোগ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ড শুরু হচ্ছে আজ। এই রাউন্ডের প্রথম দিনে আজ দুটি বড় ম্যাচ রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। বিকেএসপিতে আবাহনী লিমিটেড লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল নয়টায়।

ষষ্ঠ রাউন্ড শেষে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আবাহনী। পাঁচটি ম্যাচ জিতেছে। সমান সংখ্যক ম্যাচ জিতেছে আরো তিনটি ক্লাব। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় সবার উপরে অবস্থান করছে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী। পাঁচটি করে জয় আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর ও রূপগঞ্জের।

আজ মিরপুরে রূপগঞ্জ-প্রাইম দোলেশ্বর ম্যাচটি তাই দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার লড়াই। যারা জিতবে তারাই এগিয়ে যাবে। মুমিনুল হক, মোহাম্মদ নাঈম, নাঈম ইসলামদের রূপগঞ্জ ভালোই ছন্দে আছে। প্রাইম দোলেশ্বরের দলটিও ভালো ভারসাম্যপূর্ণ। টপঅর্ডারে দারুণ ধারাবাহিক ওপেনার সাইফ হাসান। অলরাউন্ড নৈপুণ্যে প্রতি ম্যাচেই দলের জয়ে বড় অবদান রাখছেন অধিনায়ক ফরহাদ রেজা। মিরপুরে তাই জমজমাট লড়াই আশা করা যাচ্ছে।

গতকাল সকালে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে রূপগঞ্জ। দুপুরের পর অনুশীলনে ঘাম ঝরিয়েছে প্রাইম দোলেশ্বর। শীর্ষে থাকার দৌড়ে টিকে থাকতে আজ জয়ের জন্য মুখিয়ে থাকবে দুই দলই।

বিকেএসপিতে আবাহনী-গাজী ক্রিকেটার্সের ম্যাচও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তিমত্তায় আবাহনী এগিয়ে থাকলেও গাজী ক্রিকেটার্সের সামর্থ্য আছে প্রতিপক্ষকে টেনে ধরার। তবে লিগে সালাউদ্দিনের শিষ্যদের অবস্থান এবার খুব সুবিধাজনক নয়। ছয় ম্যাচের চারটিই হেরেছে তারা। আজ আবাহনীকে রুখে দিতে পারলে সুপার লিগের লড়াইয়ে টিকে থাকবে গাজী ক্রিকেটার্স।

রান প্রসবা ভেন্যু হিসেবে বিকেএসপির অনেক সুনাম রয়েছে। আবাহনী-গাজী ক্রিকেটার্সের ম্যাচে তাই রানের মিছিল দেখা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য উত্থান-পতনের মাঝে থাকা গাজী ক্রিকেটার্সকেই দল হিসেবে জ্বলে উঠতে হবে। এবং নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।

গতকাল বিসিবি একাডেমি মাঠে আবাহনীর ওপেনার সৌম্য সরকার বলেছেন, ব্যাটিংয়ে লম্বা সময় উইকেটে টিকে থাকতে চেষ্টা করবেন। বাঁহাতি এই ওপেনার বলেন, ‘বিকেএসপিতে আমরা এই বছর প্রথম খেলবো। উইকেটটাও নতুন থাকবে। চেষ্টা করবো যদি আগে ব্যাটিং করি তাহলে উইকেটটা বুঝতে হবে। শুনেছি বিকেএসপির উইকেটে ঘাস থাকবে। এই উইকেটে প্রথম দশ ওভার টিকা যায় কিভাবে সেটি লক্ষ্য থাকবে। উইকেটটি হাতে রেখে কিভাবে ম্যাচ শেষ করা যায় সেটিও লক্ষ্য থাকবে।’

ছয় ম্যাচের তিনটিতে জয় পাওয়া শেখ জামালের জন্যও আজকের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। সুপার লিগের লড়াইয়ে থাকতে অপেক্ষাকৃত কম শক্তিধর খেলাঘরের বিরুদ্ধে জয় প্রয়োজন নুরুল হাসান সোহানের দলের। ছয় ম্যাচে খেলাঘরের জয় মাত্র একটি।