ছবি পোস্ট করেই ধর্মান্ধদের বিদ্রূপের জবাব সামির

ধর্মান্ধদের জবাব দিতে নতুন বছরের প্রথম দিনে আবারও স্ত্রীর সঙ্গে তোলা আরেকটি সুন্দর ছবি পোস্ট করলেন ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ সামি। ‌তবে এবার আর পশ্চিমি পোশাকে নয়; তার স্ত্রীকে দেখা ‌যাচ্ছে উজ্জ্বল গোলাপি রংয়ের ভারতীয় পোশাকে। বলা বাহুল্য, দারুণ লাগছে দু‍’জনকেই।
 
দিন সাতেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী হাসিন জাহানের সাথে তোলা একটি ছবি শেয়ার করে ভক্তদের ক্ষোভের মুখে পড়েন ভারতীয় এই ক্রিকেট সেনসেশন।
 
ওই ছবিতে হাসিন 'হিজাব না পরে' মেরুন রঙের স্লিভলেস পোশাকে থাকায় সামিকে আজেবাজে মন্তব্য ও তার সম্পর্কে বাজে সমালোচনায় লিপ্ত হয় ফেসবুক ব্যবহারকারী ভারতীয় মুসলিমরা!
 
ওই সময় ধর্মান্ধরা ইসলামের জিগির তুলে তাকে নানা কুকথা শোনালেও বিষয়টি জানাজানি হলে সামির পাশে দাঁড়ান অনেকেই। তারিফ করেন ছবিটির। সঙ্গে নিন্দা করেন ধর্মের নামে মহিলাদের ওপর জবরদস্তির। তবে গোটা বিতর্কে একটি কথাও বলেননি সামি।
 
রবিবার বছরের প্রথম দিন ফের স্ত্রীর সঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন সামি। এবারও ধর্মন্ধদের সংকীর্ণ ভাবনা তুড়িতে উড়িয়ে সোচ্চারে ঘোষণা করলেন, ঠিক কতটা ভালবাসেন স্ত্রীকে।
 
ছবির নিচে লিখলেন, 'না সাথী আছে, না আমার আছে কেউ, না কারো আমি, না আমার কেউ। কিন্তু তোমাকে দেখে আমি বলতে পারি, এক প্রিয়তম সঙ্গী আছে আমার। নতুন বছরের শুভেচ্ছা...'
 
ইত্তেফাক/এএম