সংসদ প্লাজায় এমপি লিটনের জানাজা অনুষ্ঠিত

 
নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
 
জানাজার দোয়া শেষে মরহুমের কফিনে রাষ্ট্রপতির পক্ষে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।
 
প্রধানমন্ত্রীর পরে স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন হয়।
 
এরপর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে হুইপরা শ্রদ্ধা নিবেদন করেন। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির পক্ষে হুইপ নুরুল ইসলাম ওমরের নেতৃত্বে সরকারদলীয় সাংসদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
ইত্তেফাক/কেকে