খুলনায় গৃহবধূ শিপ্রা রাণী কুণ্ডু হত্যা এবং মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতারকৃত মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবুকে (২৪)১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার এসআই মিলন কুমার মৈত্র মুখ্য মহানগর হাকিমের আদালতে এ আবেদন করেন। তবে রিমান্ড শুনানি হয়নি।
তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার এসআই মিলন কুমার মৈত্র জানান, আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলেও শুনানি হয়নি। ২-১ দিনের মধ্যে শুনানি হতে পারে। গ্রেফতারকৃত কারেন্ট বাবু নগরীর ১৫৯ টুটপাড়া মেইন রোড এলাকার আসলাম শেখের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্রবাজিসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর নগরীর দোলখোলা মোড়ের অদূরে আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গৃহবধূ শিপ্রা রানী কুণ্ডু (৫০) নিহত হন।
ইত্তেফাক/ইউবি