র‌্যাবের হাতে অপহরণ মামলার আসামি গ্রেফতার

সিলেটের সুরমা থানার আলোচিত তারিকুল ইসলাম ওরফে তারেক (৩২) অপহরণ মামলার অন্যতম আসামি লাভলী আক্তার ওরফে লাবণীকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। গত রবিবার রাজধানীর উত্তরখানের ফায়দাবাদের সুবার বাড়ি রোডের ৯৬/২ নম্বর ভবন থেকে র‌্যাব-১ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর পূর্ব পরিচিত লাভলীসহ কয়েকজন সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে ডেকে এনে তারেককে অপহরণ করে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি টিম ফায়দাবাদের ওই ভবনের ৩ তলা থেকে অপহরণ মামলার অন্যতম আসামি লাভলীকে গ্রেফতার করে।

তিনি জানান, গত ১ ডিসেম্বর আসামি লাভলী, তার স্বামী রেজাউল করিমসহ অন্যান্য আসামিরা সিলেট বেড়াতে যায়। তারেক তাদের পূর্ব পরিচিত হওয়ায় আসামিরা মোবাইল ফোনে তাকে কদমতলী বাসস্ট্যান্ডে ডেকে নেয়। পরে ঢাকায় বেড়ানোর কথা বলে তারেককে নিয়ে আসে। ঢাকায় তারেককে কানাডা নেয়ার কথা বলে ভারতের একটি ঘরে আটকে রাখে ও শারিরীক নির্যাতন করে। পরবর্তীতে লাভলী তার মোবাইল ফোনে তারেকের বাবা আব্দুল আহাদকে জানান, ‘তার ছেলে কানাডায় চলে গেছে।’ এই বলে আসামিরা আব্দুল আহাদের কাছ থেকে প্রথম সাড়ে ১১ লাখ টাকা ও পরে দু’বারে আরো ৩ লাখ টাকা নেয়। টাকা নেয়ার পরে আসামিরা আব্দুল আহাদকে ঢাকায় এসে তার ছেলে তারেককে নিয়ে যেতে বলে। আব্দুল আহাদ তারেককে নিতে সানুর আহমেদ ও হাসান নামে তার দু’স্বজনকে নিয়ে ঢাকায় আসেন। ঢাকায় আসার পর আসামিরা আব্দুল আহাদের কাছে আরো ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তারেকের প্রাণনাশের হুমকি দেয়। টাকা দিবে বলে আব্দুল আহাদ দু’স্বজনসহ চলে আসেন এবং মামলা করেন।

এদিকে ভারতে জিম্মী অবস্থা থেকে তারেক কৌশলে পালিয়ে যান। তিনি এখন দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামি লাভলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।


ইত্তেফাক/এমআই